
সংবাদের আলো ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা এখনও চলমান এবং তা আগামী ১৫-২০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তিনি আরও বলেন, এসব আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দাতা সংস্থাগুলোর যেমন কিছু শর্ত ও প্রত্যাশা রয়েছে, তেমনি বাংলাদেশেরও নিজস্ব চাওয়া-পাওয়া আছে।
অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, দাতা সংস্থার সব শর্ত মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সরকার জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আইএমএফের সঙ্গে পূর্ববর্তী সরকারের নেওয়া কর্মসূচির কিছু শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বলেন, যদি কোনো শর্ত জনগণের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে নির্বাচিত সরকার তা গ্রহণ করবে না।
আইএমএফের বর্তমান কর্মসূচির মেয়াদ আগামী ৬-৭ মাসের মধ্যে শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এরপর নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কি না, তা বর্তমান সরকার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সোশ্যাল ওয়েলফেয়ার বাদ দিয়ে কোনো শর্ত মানার সুযোগ নেই। এছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও ইতিবাচকভাবে গৃহীত হয়েছে।
তেলের দাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার জনগণের স্বার্থে তা পুরোপুরি সমন্বয় করেনি। এতে তহবিলে চাপ তৈরি হলেও সরবরাহ ঠিক রাখা হয়েছে। শুধু তেলের দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়ে এমন নয়, আরও অনেক বিষয় এতে ভূমিকা রাখে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.