
সংবাদের আলো ডেস্ক: এবারের বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। এ সময় পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের কড়া প্রস্তুতির কথাও জানান।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্কসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।
ইভটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ ঠেকাতে নেওয়া বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। রমনার গেট খুলবে ভোর ৫টায়, প্রবেশ করা যাবে বিকেল ৫টা পর্যন্ত। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঘিরেও থাকবে কঠোর নিরাপত্তা। রমনা ও আশপাশে থাকবে ট্রাফিক ডাইভারশনও।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.