
সংবাদের আলো ডেস্ক: নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এলাকায় মো. খোকন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রাম এলাকায় মন্ত্রীর পোল সংলগ্ন একটি ঝোঁপ থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোকন স্থানীয় হোসেন আলী পাটোয়ারী বাড়ির ফারুক হোসেন-এর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা প্রথমে অন্য কোথাও খোকনকে পিটিয়ে হত্যা করে। পরে হত্যার আলামত নষ্ট করতে তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। এরপর লাশটি দৌলতপুর এলাকার একটি ঝোঁপে ফেলে রাখা হয়।
রোববার রাতে স্থানীয়রা ঝোঁপের ভেতরে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “লাশটি পোড়ানো মনে হচ্ছে। তবে ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.