
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসী। শুক্রবার বিকেলে গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উচ্চস্বরে গান-বাজনা, জুয়া ও সকল ধরনের অপকর্ম নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
গ্রামের শান্তি, শৃঙ্খলা ও সুন্দর সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত মুরুব্বী, যুবক ও গ্রামবাসীরা। সভায় বক্তারা বলেন, সমাজে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড রোধ করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
উঠান বৈঠকে গ্রামের মুরুব্বী, যুবক ও সাধারণ জনগণ একমত পোষণ করে বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অন্যায়, অপরাধ বা অসামাজিক কর্মকাণ্ড ঘটলে সবাই মিলে তা প্রতিরোধ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মুফতি আব্দুর রহমান, হাজী মোহাম্মদ সরোয়ার হোসেন, হাজী আবু বকর সিদ্দিক, সফর উদ্দিন, কালাম হোসেন, আলমগীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আরও বলেন, গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের বৈঠক আয়োজন করা হবে এবং সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রামবাসীর এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা করছেন এর মাধ্যমে পাইকপাড়া গ্রামে শান্তিপূর্ণ ও সুন্দর সামাজিক পরিবেশ বজায় থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.