
সংবাদের আলো ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ। তিনি বলেন,'বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে যে মেধা আছে তা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে আমরা বিশ্ব দরবারে আরও অনেক সম্মাননা বয়ে আনতে পারব।’
আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে 'ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান' কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি’র এই মহাসচিব বলেন, যারা মাঠে যান তারা বোঝেন যে মাঠ কত প্রিয় হতে পারে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আমাদের দেশের খেলোয়াড়দের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা যদি তাদেরকে ঠিকমতো লালন-পালন করতে পারি তবে আরও সাফল্য অর্জন সম্ভব।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী আমাকে বলেছেন একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে খেলোয়াড়দের তুলে নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার একমাত্র প্রকৃত পথ।'
এ সময় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণকে সম্মাননা প্রদানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে ক্রীড়া ক্ষেত্রে একের পর এক সাফল্য অর্জিত হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.