
সংবাদের আলো ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনের স্টাফদের মারধরের ঘটনায় সতর্কবার্তা দিয়ে পেট্রোল পাম্প মালিকদের চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে দেশের সব জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে চিঠিটি পাঠানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেল ডিপোসমূহ থেকে আমাদের অস্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না বা আপাতত তা সরবরাহ করতেও পারবে না। অন্যদিকে মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। একইসাথে বিভিন্ন জায়গায় সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এমতাবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে।
আরও বলা হয়, অন্যথায় কারও আদেশের অপেক্ষায় না থেকে ফিলিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিজেকেই নিয়ে চলতে হবে। এমতাবস্থায় পাম্পের সকল কর্মচারীদের নিরাপত্তা দিয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে কোনোভাবে কোনো দুর্ঘটনা না ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.