
সংবাদের আলো ডেস্ক: ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়াতেই আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম ১০৫ ডলার ছাড়িয়ে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রোববার (১৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড প্রায় ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০৬ দশমিক ১২ ডলারে ওঠে।
একই সময়ে, যুক্তরাষ্ট্রের তেলের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে চলা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত তেলবাহী জাহাজের জন্য বন্ধ রয়েছে। এই জলপথ দিয়েই বিশ্বে সরবরাহ হওয়া প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।
এ পরিস্থিতিতে মিত্রদের সহায়তায় দ্রুত ওই জলপথ আবার চালু করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, দ্রুত ও নিরাপদভাবে তেল সরবরাহ স্বাভাবিক করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে ওয়াশিংটন। তবে প্রস্তুতি সম্পন্ন হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে বলে স্বীকার করেছে প্রশাসন।
এদিকে চাপ বাড়াতে হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখা এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর থেকেই ওই জলপথে একাধিক তেলবাহী জাহাজ হামলার মুখে পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.