
সংবাদের আলো ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি যখনই চাইবো, যুদ্ধ তখনই শেষ হবে।
অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ফের বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই চলছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছয় সপ্তাহের মূল পরিকল্পনার মধ্যেই যতটা ক্ষতি করা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ক্ষতি করেছি।
মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে ওয়াশিংটন এখনো সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
কাৎজ বলেন, অভিযান কোনো সময়সীমা ছাড়াই চলবে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ। যতক্ষণ না আমরা সব লক্ষ্য পূরণ করছি ও এই অভিযানে বিজয় অর্জন করছি।
বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ শেষ করার জন্য তেহরানের শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে ইরানের ওপর আর হামলা না হওয়ার ‘দৃঢ়’ আন্তর্জাতিক নিশ্চয়তা।
মঙ্গলবার (১০ মার্চ) সংবাদমাধ্যম সিএনবিসি ট্রাম্পের দূত স্টিভ উইটকফকে জিজ্ঞেস করেছিল যুদ্ধ কীভাবে শেষ হতে পারে। জবাবে তিনি বলেন, আমি জানি না।
এই সপ্তাহের শুরুতে ট্রাম্প দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ‘পারস্পরিক’ সিদ্ধান্তের মাধ্যমে। এতে ইঙ্গিত দেওয়া হয় যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই অভিযানের বাইরে যাবে না।
সূত্র: আল-জাজিরা
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.