
মানিকগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতা যুবদল নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপির জন্য ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যায়িত করে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলকে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার এবং ‘কঠোর দায়িত্ব পালনের’ আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদল আয়োজিত শোভাযাত্রা-পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা খানম রিতা ঐতিহ্যবাহী এই সংগঠনটির ৪৭ বছরের পথচলার প্রশংসা করে বলেন, যুবদল শুরু থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে’ তারা রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সক্রিয় ছিল এবং তাদের মুখ্য ভূমিকায় মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। শহীদ জিয়ার নিজ হাতে গড়া এই সংগঠনটি মূল দলের পরেই অবস্থান করছে এবং গণতন্ত্র রক্ষায় দুঃশাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক জাতীয় নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীরা মানিকগঞ্জের সব আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনে জয়লাভ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিনুর রহমানের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জিয়া উদ্দিন আহমেদ কবির ও অ্যাডভোকেট মাহাবুবুল আলম উজ্জল, যুগ্ম আহ্বায়ক শিহাব সুমন, শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যের আগে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা ঘোষণা করেন আফরোজা খানম রিতা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.