
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় হাঁস ও মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮ টার দিকে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নায়েব আলী প্রামাণিক তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ উপজেলার মহিষলুটি মাছের আড়ৎ দিক থেকে হাঁস ও মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান মহাসড়কে উঠার সময় বনপাড়া অভিমুখী হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং নায়েব আলী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অধীন এলাকা, তাই তারা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়দের মতে, মহিষলুটি এলাকায় প্রায়ই যানবাহন ওঠানামার সময় দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ওই স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপদ পারাপারের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.