
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: আজ বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া বাজারে ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শীতকালীন বীজের বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের কারসাজি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমেনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রিংকু বীজ ভান্ডারকে ভাউচার সংরক্ষণ না করা ও নকল লাকি ৭ বীজ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স ঔষধ বিপনীকে মেয়াদোত্তীর্ণ ও আমদানিবিহীন ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় অভিযানে সহায়তা করেন র্যাব-১২ এর চৌকস টিম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.