
স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সামনেই ধামসোনা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মৌজার মিল এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল জানান, একটি বিভাজন বিষয় নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করছিলেন তারা।
এসময় স্থানীয় কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন অফিসে ঢুকে ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহর আলী, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজনকে মারধর করে। এক পর্যায়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে জাহাঙ্গীর ও তার সহযোগীরা আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা অভিযোগ করে বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা চালানো হয়েছে। ঘটনার সময় উপস্থিত উপ-পরিদর্শক মজিবুর রহমান হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.