
শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর ১০ বছর বয়সী এক শিশুর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর নাম ইলিয়াস উদ্দিন (১০)। সে উপজেলার গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় ইলিয়াস। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এদিকে শুক্রবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.