
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (বয়স আনুমানিক ৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বামনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেল থেকে ওই ব্যক্তি বামনগ্রাম এলাকায় ঘোরাফেরা করছিলেন। কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বললেও, কেউ ভিক্ষুক হিসেবে শনাক্ত করেন।
সন্ধ্যার দিকে তিনি রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.