সোনারগাঁয়ে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে খালের পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (৩১আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো চেঙ্গাকান্দি গ্রামের শাহ আলীর সাড়ে চার বছর বয়সী মেয়ে নুসাইবা আক্তার এবং সালাউদ্দিন মিয়ার পাঁচ বছর বয়সী ছেলে ইয়ামিন মিয়া। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু নুসাইবা ও ইয়ামিন। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের ঘাটে যায়। ধারণা করা হচ্ছে, খালে বাধা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় এক নারী পানি আনতে গিয়ে ইয়ামিনের লাশ ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির পর খাল থেকে নুসাইবা ও ইয়ামিনের লাশ উদ্ধার করে।
চেঙ্গাকান্দি গ্রামের নুরজাহান বেগম জানান,“ঘাটে পানি আনতে গিয়ে প্রথম ইয়ামিনের লাশ চোখে পড়ে।পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে। ঘটনাটি সকলকে গভীরভাবে ব্যথিত করেছে।” সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।