
সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, ‘এটি প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত কণ্ঠস্বর। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।’
উল্লেখ্য, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বেশ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের একটি অডিও ছড়ানো হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সংক্রান্ত বিষয়ে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ধরনের ভুয়া অডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জনগণের মাঝে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা জনশৃঙ্খলা, আইনশৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতার পরিপন্থি।’
এতে আরও জানানো হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.