
শেরপুর প্রতিনিধি: শেরপুরে সামাজিক কবরস্থানের রাস্তা বেদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে ক্ষোভে ফেঁসে ওঠেছেন গ্রামবাসী। এদিকে এঘটনার প্রতিবাদে আজ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
এলাকাবাসীরা জানায়, শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের সামাজিক কবরস্থানে যাতায়াতের রাস্তা বেদখল করে ঘর নির্মাণ করেছেন চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি মোশাররফ হোসেন।
৫ আগষ্টের আগে তিনি আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে সামাজিক কবরস্থানের সাধারণ সম্পাদক পদও বাগিয়ে নেন। এরপর সেই কবরস্থানের রাস্তা বেদখল করে পাকা ভবন নির্মাণ করেন। আর সেই কাজে গ্রামবাসী বাঁধা দিতে গেলে তৎকালীন সরকারের নাম ভাঙিয়ে মামলার ভয় দেখান।
শেখ হাসিনার পতনের পরও মোশাররফ রাস্তা না দিয়ে নানান ফন্দি আঁটছেন। এদিকে গ্রামের লোকজন মারা গেলে, লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়েই বিভিন্ন জায়গায় দাফন করছেন। তাই দ্রুত সময়ের মধ্যে কবরস্থানের রাস্তাটি দখলমুক্ত করার দাবি তাদের।
এবিষয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, ইতিমধ্যে গ্রামবাসীর অভিযোগের বিষয়টি আমি শুনেছি এবং এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.