
সংবাদের আলো ডেস্ক: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় এ কথা জানান তিনি।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এ ছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসি সচিব বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করব। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেন।
ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে, তা উল্লেখ রয়েছে। ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.