নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদের আলো ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’
সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ অবস্থা নির্বাচন পর্যন্তই চলবে। পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দল বেশি দুর্বল, তাকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে।’
৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই।’
গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভালো করবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন।’
৫ আগস্ট ঘিরে সতর্কতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।