সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিডে আবারও আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‎

নিজস্ব প্রতিবেদক: ‎হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 নম্বর ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। এর ফলে শাহজিবাজার গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

PGCB’র একটি বিশ্বস্ত সূত্র জানায়, TR-2 নম্বর ব্রেকারে ‘ফ্ল্যাশিং’ বা ঝলক লাগার মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে। ফায়ার সার্ভিস ও গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুরের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসলেও এর আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষতি হয় এবং পুরো গ্রিড উপকেন্দ্র অচল হয়ে পড়ে।

‎ঘটনার পরপরই পিজিসিবির প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে মেরামত কাজে নেমেছেন। তবে আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তন এবং সিস্টেম রিস্টোরে কত সময় লাগবে-সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। ‎ ‎PGCB’র একজন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বলেন, “আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ক্ষতির পরিমাণ এখনো পর্যালোচনায় রয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চলছে।” ‎ ‎এ ঘটনায় হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

অনেক এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে। এতে চা বাগান, শিল্প-কারখানা, দোকানপাটসহ সাধারণ জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। ‎ ‎বিশেষ করে শাহজিবাজার, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও এর আশপাশের অঞ্চলের মানুষ দুপুরের পর থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ‎ ‎সংশ্লিষ্ট মহলের আশা, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে গ্রিড-সম্পর্কিত যেকোনো সমস্যায় প্রযুক্তিগত জটিলতা থাকায় সময়ক্ষেপণ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়