সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। কখনো মন্দির পাহারা দিতে হবে না।

তিনি বলেন, ‘মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।’

রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, রাত ৮টার দিকে শেরপুরে পথসভা শেষ করে জামালপুরে এসে হযরত শাহ জামাল (রা.)-এর মাজার জিয়ারত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, ‘প্রায় ৩০০ বছর ধরে এই মন্দির কার্যকরী স্থান হয়ে রয়েছে। এটি কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি আসলে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে। আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়