
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাকচাপায় মোজাম্মেল হক (৫৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে কাজিরহাট সড়কের পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক আমিনপুর থানার সিন্দুরী গ্রামের বাসিন্দা ও মৃত আমজাদ শেখের ছেলে।
পাশাপাশি তিনি স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিনাথপুর বাজার থেকে নিজ গ্রামের পথে অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল।
পথে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
আমিনপুর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.