বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১৫ ঘণ্টা পড়ে ছিল  অজ্ঞাত ব্যক্তির লাশ

মো: বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ১৫ ঘন্টা ধরে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ।পরবর্তীতে সন্ধ্যা ৬টার পর পিবিআই এসে মরদেহের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। গত রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ভেড়ামারা রেলওয়ে ষ্টেশন থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান। ভেড়ামারা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে মুমূর্ষ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

রেলওয়ে স্টেশনটির বড়বাবু মহসিন রেজা স্থানীয় ভ্যানচালক চাঁদগ্রামের বাসিন্দা আরিফ হেসেনকে দিয়ে অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করা এখনও সম্ভব হয়নি। পরবর্তীতে পিবিআই এসে সন্ধ্যা ছয়টার পর তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে।

ভ্যানচালক আরিফ হোসেন বলেন, স্টেশন মাস্টারের অনুরোধক্রমে আমি অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায়। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে রাজি হয়নি। পরবর্তীতে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে  চিকিৎসার ব্যবস্থা করে। এটা আমার কাছে চরম অমানবিক মনে হয়েছে।

এটা যদি কোন মুমূর্ষ রোগীর ক্ষেত্রে ঘটে, তাহলে এর চেয়ে অবমাননাকর কি হতে পারে? তবে এই ব্যক্তিকে আমি এবং প্ল্যাটফর্মে থাকা অন্যান্য ব্যক্তিগণ এর আগে কখনো দেখি নাই।  ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, অজ্ঞাত এক ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায়  গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

এখনও তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে হলে, পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল রব তালুকদার বলেন, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর একটি টিম কাজ করছে। লাশের  বিস্তারিত  তথ্য আমরা পরে জানাতে পারব। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়