বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের চিম্বুক সড়কের রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে ১৩ মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রেংথেন ম্রো’র মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রো’র স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মেনরাও ম্রো’র স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হলে সেখানকার ছেঁড়া তারে জড়িয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে স্থানীয়রা একজনের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান, বাকি দুইজনের মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। বিস্ফোরণের ফলে পড়ে থাকা বিদ্যুতের তারগুলো পুড়ে গেছে বলেও জানা গেছে।
রাংলাই এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর তারে জড়িয়ে তিনজন ম্রো নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ হাসপাতাল আনা হয়েছে। বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিদ্যুৎ লাইনের ত্রুটি ছিল, কিন্তু কর্তৃপক্ষ তা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।