লেক থেকে সদ্য এসএসসি পাস করা ছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী আটক
সংবাদের আলো ডেস্ক: চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে সদ্য এসএসসি পাস করা আল-আমিন (১৭) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিন চাঁদপুর গনি স্কুলের সদ্য এসএসসি পাস করা ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, আল-আমিন রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে। তাদের পরিবার বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় বসবাস করে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আল আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।
আল-আমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তার স্বজন ও এলাকার মানুষজনের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। নিহতের পরিবার দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে।
ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।