বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভারত থেকে এলো ১০ টন কাঁচা মরিচ

সংবাদের আলো ডেস্ক: সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কমেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির। সংকটের কারণে লাফিয়ে বাড়ছে দাম। হিলি স্থলবন্দর এলাকায় সর্বশেষ দাম ঠেকেছে কেজিতে ২০০ টাকা। দাম বাড়ায় আজ বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে।

বন্দর সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে হিলি বন্দরে প্রবেশ করে ১০ টন মরিচবোঝাই দুটি ট্রাক। বন্দরের এন পি ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ঝাড়খন্ড রাজ্য থেকে মরিচগুলো আমদানি করেন। রপ্তনিকারক প্রতিষ্ঠান ভারতের গঙ্গেশ্বরী ইন্টারন্যাশনাল।

আমদানিকারক এন পি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী উজ্জ্বল হোসেন বলেন, সম্প্রতি দেশে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এতে দাম বাড়তে শুরু করেছে। দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে আমদানি শুরু করেছি।

তিনি জানান, বন্দরে আমদানিকৃত কাঁচা মরিচ কিনতে ইতোমধ্যে পাইকাররা ভিড় করছেন। বন্দরে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এদিকে আমদানির খবরে হিলি বন্দর এলাকায় খুচরা পর্যায়ে কেজিতে দাম কমেছে ২০ টাকা। বৃহস্পতিবার সকালে ২০০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ সন্ধ্যায় ১৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, দেশে কাঁচা মরিচের দাম বাড়ায় ব্যবসায়ীরা এলসি খুলতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি হবে। এতে দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে থাকবে।

বন্দরের তথ্যমতে, গেল বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।  দীর্ঘ সাত মাস পর বৃহস্পতিবার দুটি ট্রাকে সাড়ে ১০ টান আমদানি হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়