
সাভার (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র বিশেষ অভিযানে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে গোরাট এলাকার দুই কিলোমিটারজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন অসংখ্য বাড়ি ও স্থাপনায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে অংশ নেন তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার ও প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী, ফারুক হোসেনসহ কারিগরি দলের অন্যান্য সদস্যরা।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ জননিরাপত্তার জন্য হুমকি। এসব সংযোগ থেকে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনি বৈধ গ্রাহকদেরও সেবা বিঘ্নিত হয়। গ্যাস অপব্যবহার রোধে এবং নিরাপদ সরবরাহ নিশ্চিতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.