
সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আজ রবিবার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ এবং জুলাই মাসের ১৬ তারিখে ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
এর আগে, গত বুধবার (২৫ জুন) ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল।
এতে প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। সেইসঙ্গে দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।
তবে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পালন করা হবে না ‘নতুন বাংলাদেশ দিবস’। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ব্যাপারে লিখেছেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। আর ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.