
মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীর জানমাল রক্ষা এবং সকল ধরণের চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।
এসময় টিপু সুলতানসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগীরা। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ হাতকাটা টিপু সুলতানের আতঙ্কে থাকে।
ঈদের আগে থেকে তার নেতৃত্বে পারভেজ, মাসুদ, কামাল সহ তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত হুমকি সহ মারধর করে যাচ্ছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করলেও কোন মামলা বা এটি প্রতিহতের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন জানান, হাতকাটা টিপু সুলতানের লোকজন হাসান, কাদের, বুলবুল ও জসিম সহ আরো কয়েকজন প্রতিনিয়ত তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবী করে। এরই মধ্যে ভয়ে বিভিন্ন সময়ে তাদেরকে ৫২ হাজার টাকা দেয়া হয়েছে।
চলতি মাসের ৭ তারিখ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে না পেয়ে ম্যানেজারকে ভয়ভীতি দেখায় এবং ক্যাশ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি।
নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে এবং আমির আলী ভুইয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, শ্রমিকদলের ধামসোনা ইউনিয়নের সভাপতি আবিদুর রহমান পাষান, জুবায়ের হোসেন সহ বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.