
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা থেকে হালুয়াঘাটগামী সড়কের কাজিয়াকান্দার ইঁদারাপাড়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ জুন ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন ২০ জনের অধিক যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাটগামী একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্র (থ্রি-হুইলার) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন নারী ও একজন শিশু রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই ফুলপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.