
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জুন)সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন প্রভাষক আলী আকতার ও দিলীপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। ভবিষ্যতে যে পেশাতেই নিযুক্ত হও না কেন, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে—এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কলেজের প্রভাষক দিলারা জামান, শামীমা আক্তার, এইচ এম ফারুক ও আবু সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানের এক অনন্য দিক ছিল নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে কলম, স্কেল ও কোর্ট ফাইলসহ শিক্ষা উপকরণ বিতরণ। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের ছাপ দেখা যায়। শিক্ষার্থীরা এই মানবিক উদ্যোগের জন্য ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের জন্য সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.