
সংবাদের আলো ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে কি না, এ বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এটা (স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকা) আমাদের প্রত্যেক দিনের সমস্যা, আমাদের অফিসাররা অধিকাংশই অতিরিক্ত দায়িত্বে বিভিন্ন স্থানীয় সরকারের সংস্থায় কাজ করছেন। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে স্যার প্রশাসক দেন, নির্বাচন দেন। তিনি আরও বলেন, আজকে যারা বিভাগীয় কমিশনার এসেছেন তারা কোনো না কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন। জেলা প্রশাসকদের জেলা পরিষদের দায়িত্ব পালন করতে হচ্ছে।
একজন অফিসার যখন দুই তিনটি দায়িত্ব পালন করেন, সবগুলো দায়িত্ব একসঙ্গে পালন করা একজন মানুষের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধি নিয়ে আসা উচিত। সর্বশেষ যে ঐকমত্যের মিটিং ছিল সেখানেও এই বিষয়টি আলোচনা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি। তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। হয় জনপ্রতিনিধি নির্বাচন, অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করবো।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয় কি না এ বিষয়ে উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়। উই হ্যাভ টু রান কান্ট্রি। দেখা যায় একটি ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকার সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্থানীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো সিদ্ধান্ত হবে না? সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে। আওয়ামী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে আসিফ মাহমুদ বলেন বলেন, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল না এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.