
সংবাদের আলো ডেস্ক: ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। সেখান থেকে যে যা পাচ্ছেন তাই নিয়ে চলে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এমন চিত্র দেখা গেছে। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল। বেলা ১১টা পর্যন্ত বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৬ তলা ওই ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন। আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে।ওই ভবন থেকে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে বেশির ভাগই শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা বই রয়েছে। কেউ কেউ বইয়ের কার্টন নিয়ে বের হচ্ছিলেন, আবার কেউ কেউ হাতে কয়েকটি বই নিয়ে বের হয়েছেন।
এসব বইয়ের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম-৩’, ‘জনসমুদ্রে এক মহামানব’, ‘জাতির জনক ও শেখ রাসেল’ ইত্যাদি। এ সময় স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যার মতো নিয়ে গিয়েছেন। যারা এসব লোহালক্কড় নিচ্ছেন, তাদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। লোহার কিছু কাঠামো নিয়ে যাচ্ছিলেন আল আমিন নামের এক ব্যক্তি। এসব জিনিসপত্র কেন নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই এসব বিক্রি করে দিমু। সেই টাকায় ভালোমন্দ খামু। মুরগি পাইলে মুরগি, গরু মাংস পাইলে গরু মাংস কিনে খামু। এই ছাড়া আর কিছুই না।’

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.