৫ বছরের মধ্যে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেবে সরকার
সংবাদের আলো ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব ডিজেলচালিত সেচ পাম্প পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সৌরবিদ্যুৎ ও বিকল্প জ্বালানির বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ডিজেলনির্ভর সেচ পাম্পগুলো সৌরবিদ্যুতে রূপান্তর করা হবে।
এ সময় আগের সরকারের মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্দেহজনক প্রকল্পগুলো ইতোমধ্যে তদন্তের আওতায় আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতির শ্বেতপত্র প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্রের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার।
এদিকে ভোলায় ইপিজেড স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, প্রথমে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগে যুক্ত করা হবে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভোলার মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বিতা বাড়াতে চায় সরকার।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।