বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
সংবাদের আলো ডেস্ক: সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট) তৃতীয় দিন ৭১ বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন করেন সংরক্ষিত সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। স্পিকার নোটিশটি গ্রহণ করেননি, তবে তাকে নোটিশের বিষয়ে দুই মিনিট বক্তব্য দিতে দেন।
এ সময় নিলুফার চৌধুরী মনি বলেন, কথায় আছে গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় ভূমিকা রাখছে আমাদের এই প্রবাসী আয়। ২০২৫ সালে জিডিপিতে এই দক্ষ জনশক্তির মাধ্যমে আমাদের ৭ শতাংশ অর্জিত হয়েছে। প্রতি বছর প্রায় এক মিলিয়ন দক্ষ এবং অদক্ষ শ্রমিক বিদেশে পাড়ি দেন। এদের মধ্যে বেশিরভাগই অদক্ষ এবং অশিক্ষিত। অথচ বিশ্বব্যাপী শ্রমিকের চাহিদা কমছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের দক্ষ শ্রমিকের জোগান যদি না বাড়াতে পারে, বাংলাদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকি রয়েছে।
নিলুফার চৌধুরী মনি বলেন, ৮০-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এই যাত্রা শুরু হয়েছিল। মিডল ইস্টের এক সরকার প্রধান যখন ওনাকে বলেছিলেন যে আপনি কী চান আপনার দেশের জন্য? উনি (প্রেসিডেন্ট জিয়াউর রহমান) বলেছিলেন, ‘আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু আমার এই বৃহৎ জনশক্তির একটা অংশ আপনার এখানে কর্মে নিয়োগ করতে চাই।’
সমস্ত বাংলাদেশের জেলা এবং থানায় কীভাবে এই প্রশিক্ষণগুলো দেওয়া যায় এবং কত তাড়াতাড়ি নেওয়া যায়, সেবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।