রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আটক ১
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর শনিরআখড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলিতে আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ীর কদমতলির শনিরআখড়া জিয়া স্মরনী রোডে এ ঘটনা ঘটে৷ আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আসলাম খানের চাচাতো ভাই মিরাজ খান বলেন, তাদের বাসা শনিরআখড়া এলাকায়। শনিরআখড়া জিয়া স্মরনী রোডে আসলাম খানের ক্রোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে এক কাস্টমারের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে৷ এতে তার বাম হাত ও ডান গাল গুলিবিদ্ধ হয়।
সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে কী কারণে আসলাম খানকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তার স্বজনদের কেউ কিছু জানাতে পারেননি।
এদিকে, গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।